দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিরোধী দলীয় সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে অভিনন্দন জানান। রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন এবং তার কপালে চুমু দিয়ে দোয়া ও শুভকামনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৩৪৩ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।