প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা করেছেন। সকাল সোয়া ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি চট্টগ্রামের পথে রওনা হন। সফরের শুরুতে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, নির্মাণাধীন কয়লাবিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। এছাড়াও মহেশখালীর বাহারছড়া এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান করবেন তিনি।
মহেশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে ফটিকছড়ি ও হাটহাজারী সফর করবেন। সেখানে তিনি বরেণ্য আলেমদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারতের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণসহ পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন। দিনব্যাপী এই সফরের শেষভাগে চট্টগ্রামে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিবার রাত সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এটিই তার প্রথম সফর।