জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণ পাচারকালে মোহাম্মদ তুষার নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেড় কেজি ওজনের স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করা হয়। সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক তুষার কুমিল্লার সদর উপজেলার দীঘল-গাঁও এলাকার বাসিন্দা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটে এক যাত্রী স্বর্ণ চোরাচালান করছেন। এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। ফ্লাইটটি অবতরণের পর যৌথ টিম সন্দেহভাজন তুষারকে আটক করে এবং তার শরীর তল্লাশি করে অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকানো ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণকার দিয়ে গলিয়ে পেস্ট ও পাউডার থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণের কাজ চলছে। জব্দকৃত এই দেড় কেজি স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।
তিনি আরও জানান, পরিমাপের কাজ শেষ হলে উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের নিকট জমা দেওয়া হবে। এছাড়া চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা হিসেবে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচার রোধে কাস্টমস, গোয়েন্দা সংস্থা ও সিভিল এভিয়েশনের কড়া নজরদারি অব্যাহত রয়েছে।