ইয়েমেনের পশ্চিম উপকূলীয় জলসীমায় লোহিত সাগরে একটি ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেছে। ‘এমএসভি ফাইজে নূরে অলিয়া’ নামের জাহাজটি হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরের অদূরে হামলার শিকার হলে সেটি উল্টে যায়। তবে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযানে জাহাজে থাকা ১৩ জন ভারতীয় ও এক ইয়েমেনি নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের বন্দর ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ঘটনার পর থেকেই রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ইয়েমেনি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। একই সঙ্গে ভারত সরকার আন্তর্জাতিক জলপথে অবাধ বাণিজ্য ও নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।
উল্লেখ্য, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনা ক্রমাগত বাড়ছে। এই অস্থিরতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও সমুদ্রপথের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। সম্প্রতি সৌদি আরবের ওপর হুথিদের ঘোষিত নৌ-অবরোধের পর এই হামলার ঘটনা আঞ্চলিক উত্তজনা আরও বাড়িয়ে তুলেছে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।