জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের মীরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
আজ মীরসরাই উপজেলা, জোরারগঞ্জ থানা এবং মীরসরাই ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিকেলে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন সহকারে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি মীরসরাইয়ের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজনীতিতে সুস্থ ধারা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা জরুরি। একটি মহল রাজনৈতিক ফায়দা লুটতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে দাঁতভাঙা জবাব দেবে।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে মীরসরাই উপজেলা, জোরারগঞ্জ থানা এবং বারইয়ারহাট ও মীরসরাই পৌরসভা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।