মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ তিন কেন্দ্রীয় নেতার কুশপুত্তলিকা টাঙিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমের ছবিযুক্ত এসব পুত্তলিকা স্থানীয় একটি বাজারের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ঝুলিয়ে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার সাধারণ মানুষ রাস্তার ওপর ঝুলন্ত অবস্থায় কুশপুত্তলিকাগুলো দেখতে পান। কে বা কারা এবং কী উদ্দেশ্যে রাতের আঁধারে এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এই দৃশ্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় বিদ্যুতের তার থেকে কুশপুত্তলিকাগুলো নামিয়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।