জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল এবং ২৫ বোতল স্কাপসহ শাকিল মিয়া (৩২) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শাকিল উপজেলার চম্পকনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাসহ মোট ৯টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার একদল পুলিশ শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে শাকিলের কাছ থেকে অবৈধ মাদক উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের রেকর্ডপত্র (সিডিএমএস) যাচাই করে জানা যায়, শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা, ১টি চাঁদাবাজি মামলা এবং একটি জিআর গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ছাগলনাইয়া থানায় ৫টি মাদক মামলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় ২টি মাদক ও পুলিশের ওপর হামলাসহ চাঁদাবাজির মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, গ্রেফতারকৃত ব্যক্তি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পূর্বের পরোয়ানা তামিল করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।