জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ সাহাব উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এছাড়া জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
গত শনিবার (৮ আগস্ট) জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব পরাগলপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার সাহাব উদ্দিন পরাগলপুর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশনায় এসআই মামুন হাসান ও সঙ্গীয় ফোর্স পূর্ব পরাগলপুরের ছোট মসজিদ-নাহেরপুর রাস্তার মাথায় অভিযান চালান। এ সময় সাহাব উদ্দিনকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-৮) দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একই দিনে এসআই মামুন হাসানের নেতৃত্বে পরিচালিত অপর একটি অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন—মোশারফ হোসেন (২৯), মো. জাহেদ (১৭) এবং আরাফাত হোসেন (১৭)। তাদের বাড়ি উপজেলার কাটাছড়া ইউনিয়নের উত্তর কাটাছড়া ও মুহুরী প্রজেক্ট এলাকায়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত চারজনকেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।