মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আগস্টেই রোগী ভর্তি ৯৬৭ ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে জামায়াত-এনসিপি নিয়ে কঠোর সমালোচনা রাশেদ খানের ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়ালো শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহার স্ত্রীর ৩য় বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ২ সৌদি ট্যাঙ্কার নাটোরে কাতার চ্যারিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ শেখ সেলিম পরিবারের ৩৬ কোটি টাকার অসংগতিপূর্ণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় জেলে, পুলিশ সদস্যও জড়িত!

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে জামায়াত-এনসিপি নিয়ে কঠোর সমালোচনা রাশেদ খানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

ঝিনাইদহ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কর্মসূচি শেষে তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার উদ্দেশ্যে জামায়াত ও এনসিপি গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

রাশেদ খান উল্লেখ করেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা এবং একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি নিছক কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি সুদূরপ্রসারী চক্রান্তের অংশ। অতীতে ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ঠিক যেভাবে অতীতে জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আজও তারা একই পন্থায় ফ্যাসিবাদী শক্তিকে ফেরাতে তৎপর রয়েছে।

‘মক্কা সামরিক চুক্তি’ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি প্রধান নাহিদ ইসলামসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জামায়াত এই চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং জনসাধারণের একটি বড় অংশও এর পক্ষে রয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক কৌশল সার্বিকভাবে বিবেচনা করে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস পদ ফিরে পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী ও দলছুট প্রার্থীদের দলে ভেড়ানো প্রসঙ্গে রাশেদ খান স্পষ্ট জানিয়ে দেন যে, জাতীয় নির্বাচনে ভুলবশত যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন, তারা অনুশোচনা করলে হাইকমান্ড বিষয়টি বিবেচনা করতে পারে। তবে যারা সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত হয়নি।

এর আগে, জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com