নিউজ ডেস্ক:
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হয়েছেন অধ্যাপক ড. জাফর ইকবাল।
এই মামলায় আরও সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
আজ বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এ মামলায় অন্য অভিযুক্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজন।
প্রসিকিউশনের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অভিযোগের বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে। পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে।
এদিকে, জুলাই আন্দোলন-সংক্রান্ত আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের একটি ফোনালাপ এর আগে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।