এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে ধান উড়ানোর সময় বিদ্যুৎস্পর্শে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোপন মিয়া ওই এলাকার হযরত আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে নিজ বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই দুর্ঘটনাটি ঘটেছে। এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ধান উড়ানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে একজন মারা গেছে। এমন মৃত্যু খুবই হৃদয়বিদারক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।