সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে শাকিল মিয়া (২৫) এবং কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে সন্দেহজনকভাবে দুটি মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন কয়েকজন ব্যক্তি। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযان টের পেয়ে এ সময় আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন।
উদ্ধারকৃত বাইগুলোর মধ্যে রয়েছে ১৬০ সিসির একটি হোন্ডা হরনেট এবং ১৫০ সিসির একটি টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের মোটরসাইকেল। জব্দ করা এই গাড়ি দুটির বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, চোরাই মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।