সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারীর তিন ছেলে আবদুল হালিম (৩৯), আবদুল হামিদ (৩৭) ও মাহাবুর রহমান (৩৫)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ৪ জানুয়ারি সকালে দক্ষিণ শ্রীপুর (বাড়াইকান্দি) গ্রামে বিবাদমান জমির আইল কাটা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় আসামিরা বাধা দিলে শাহাদাৎ হোসেন ও তাঁর স্বজনরা প্রতিবাদ জানান। তখন আসামিদের কোদাল ও লাঠির আঘাতে শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে শাহাদাৎকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ জানুয়ারি সকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বজন আতাউর রহমান ১৭ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনালিশেষে বিচারক ১৩ আসামির মধ্যে ৩ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ আসামিকে খালাস দেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় দিয়েছেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত তিন ভাইকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।