জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ফেনী জেলা ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) জোহরের নামাজ শেষে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদে এই ধর্মীয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে ফেনী জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ছাত্রদল নেতারা বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। তাঁর জন্মবার্ষিকীতে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে, বরং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়ার মাধ্যমেই দিনটি পালন করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি এবং এতিমদের মাঝে তাবারক বিতরণ করা হয়।