নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ২০২৬ আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নবম শ্রেণি একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে দশম শ্রেণি একাদশকে পরাজিত করে তারা নবম শ্রেণি একাদশ এ গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় নবম ও দশম শ্রেণি একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ০–০ গোলের সমতায় শেষ হয় মূল সময়ের খেলা। পরে চ্যাম্পিয়ন নির্ধারণে টাইব্রেকারের আয়োজন করা হয়। এতে দশম শ্রেণি একাদশকে পরাজিত করে নবম শ্রেণি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদিরসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল-আমিন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রুবেল চন্দ্র দাস ও আফজাল কিশোর।
পুরো টুর্নামেন্ট ও ফাইনাল খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক তাপস কুমার দাস।
ফাইনাল খেলাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় আনন্দঘন ও স্মরণীয় এক আয়োজনে।