টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দীর্ঘদিন ধরেই দর্শকের আগ্রহ ধরে রেখেছে। অনেকেই এই আয়োজনটি উপস্থাপনা করলেও সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চনকে দেখতেই অভ্যস্ত দর্শক। এরই মধ্যে অনুষ্ঠানের নতুন মৌসুমের প্রচার-ঝলকও প্রকাশ্যে এসেছে।
তবে এবার আলোচনায় এসেছে এই শো এর মারাঠি সংস্করণ। যেখানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সামাজিক মাধ্যমে নতুন এই দায়িত্বের খবর জানিয়েছেন অভিনেত্রী।
তিনি জানান, এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে জীবনের বিশেষ একটি অধ্যায়ে পা রাখছেন। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার সঙ্গে যুক্ত এমন একটি জনপ্রিয় অনুষ্ঠানের অংশ হতে পেরে উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন তিনি।
মাধুরীর হাত ধরে প্রথমবারের মতো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণে কোনো নারী সঞ্চালককে দেখা যাবে। এর আগে এই সংস্করণের সঞ্চালকের আসনে ছিলেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুল। মাধুরী নতুন এই ইনিংস ঘিরে এরই মধ্যে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সামাজিক মাধ্যমে ঘোষণার পর অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
একাধিক রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালন করলেও কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম দেখা যাবে তাঁকে। তবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আঞ্চলিক সংস্করণে মাধুরীই প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল সংস্করণে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার। তবে মারাঠি সংস্করণে মাধুরীর অভিষেক নিঃসন্দেহে এই শোর সঞ্চালনায় নতুন মাত্রা যোগ করছে।
অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন রিয়েলিটি শোর সঙ্গেও যুক্ত থেকেছেন মাধুরী। এবার সঞ্চালকের ভূমিকায় তার সাবলীল উপস্থাপনা ও দর্শকের সঙ্গে যোগাযোগের ধরন কতটা প্রশংসা পায়, সেটিই দেখার অপেক্ষা।
মাধুরীকে সর্বশেষ দেখা গেছে ‘মা বেহেন’ সিনেমায়। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সিনেমাটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার নতুন দায়িত্বে তাঁকে দেখার অপেক্ষায় ভক্তরা।