ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়ার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়ন এলাকায় রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নটির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল রশিদ প্রামাণিক এক মুখোমুখি আলাপচারিতায় অংশ নিয়েছেন।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) আয়োজনে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ শীর্ষক বিশেষ নির্বাচনী অনুষ্ঠানে হাজির হন এই সম্ভাব্য প্রার্থী। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘সিংড়া নিউজ’ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে ইউনিয়নের নানা প্রান্তের মানুষ সম্ভাব্য প্রার্থীর বক্তব্য শোনার পাশাপাশি নিজেদের মতামত ও প্রত্যাশার বিষয়টি তুলে ধরার সুযোগ পান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনায় ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন এবং উপস্থাপনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন এবং সাংবাদিক আশরাফুল ইসলাম, ফয়সাল আহমেদ জনি ও মামুন আলী।
আয়োজক কতৃপক্ষ জানিয়েছে, ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো সম্ভাব্য জনপ্রতিনিধিদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তাঁদের উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো প্রকাশ্যে আনা। কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষ না নিয়ে, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে সব প্রার্থীর পরিকল্পনা সমান গুরুত্বে তুলে ধরাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন জানান, পর্যায়ক্রমে সিংড়া পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নেই এই আয়োজন সম্প্রসারিত করা হবে। এর ফলে এলাকার সাধারণ মানুষ সম্ভাব্য প্রার্থীদের সরাসরি যাচাই করার সুযোগ পাবেন। ‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে এবং নির্বাচনী পরিবেশে জনমত ও প্রার্থীর ভাবনাগুলো সঠিকভাবে তুলে ধরতে বদ্ধপরিকর সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।