মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।
অনুসন্ধানী প্রতিবেদন (১ম পর্ব): বান্দরবানের দুর্গম থানচি উপজেলার বিস্তীর্ণ বনাঞ্চল ঘিরে অবৈধ কাঠ পাচার ও বনদস্যু চক্রের তৎপরতা দিন দিন বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকার এই ভৌগোলিক সুযোগকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী চক্র থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাফিল ইসলামের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বনজ সম্পদ সাবাড় করে চলেছে। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে টেবিল জোত পারমিটের আড়ালে সেগুন ও গর্জনসহ বিভিন্ন প্রজাতির দামি গাছ কেটে তা বিভিন্ন রুট দিয়ে পাচার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, রেঞ্জ কর্মকর্তা ইসরাফিল ইসলাম (ডেপুটি রেঞ্জার) এই চক্রের সঙ্গে সরাসরি জড়িত। নির্দিষ্ট অঙ্কের মাসোহারা নিয়ে তিনি অবৈধ কাঠ পাচারে সহায়তা করছেন বলে অভিযোগ উঠেছে। দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বন বিভাগের নিয়মিত নজরদারি ও অভিযান না থাকায় পাচারকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনাঞ্চল, অন্যদিকে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ।
এ বিষয়ে বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী টেবিল জোতের আড়ালে বন উজাড়ের এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান বন সংরক্ষক (ঢাকা) এবং বন সংরক্ষক (চট্টগ্রাম অঞ্চল)-এর দ্রুত হস্তক্ষেপ ও কঠোর আইনি পদক্ষেপ কামনা করেছেন।