রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগর বর্ণ বিদ্যালয় সংলগ্ন একটি বাসা থেকে মো. রুহুল আমিন (২৭) নামে এক পোশাক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই ব্যবসায়ীর নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুহুল আমিন ব্যবসায়িক প্রয়োজনে ব্রাক ব্যাংক থেকে ১০ লাখ টাকার ঋণ নিয়েছিলেন। প্রতি মাসে ৫০ হাজার টাকা কিস্তি পরিশোধের চাপ এবং ব্যবসার মন্দা পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এছাড়া অন্যান্য জায়গা থেকেও তার ঋণ ছিল বলে স্বজনরা জানিয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, ব্যক্তিগত ও আর্থিক সংকটের পাশাপাশি পারিবারিক কারণেও তিনি হতাশায় ভুগছিলেন। তার স্ত্রী গত এক সপ্তাহ আগে বাবার বাড়ি চলে যাওয়ায় ওই বাসায় তিনি একাই ছিলেন। সব মিলিয়ে চরম হতাশায় তিনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার এসআই।