রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে কাতার প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসা ফাতেমা আক্তার নামের সেই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রামগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার (২৩ আগস্ট) উপজেলার ৫নং চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে ও কাতার প্রবাসী ইমন হোসেনের বসতঘরের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পরিচয়ে ফাতেমা আক্তার নামের ওই তরুণী।
তবে পুলিশি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা যায়, ওই তরুণী মূলত একজন পেশাদার প্রতারক। ধনী যুবকদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তার মূল পেশা। তার প্রকৃত নাম রাহেনা আক্তার; পিতা নুরুল আলম, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর পায়ুং গ্রামের বাসিন্দা। বিভিন্ন সময় ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করে তিনি এ পর্যন্ত অন্তত ১০ জন যুবকের সঙ্গে প্রতারণা করেছেন। ইতিপূর্বে তিনি একাধিকবার বিয়েও করেছেন এবং ধনী ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করার ভয় দেখিয়ে অর্থ আদায় করাই তার কৌশল ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আটক তরুণী একজন সংঘবদ্ধ প্রতারক। এর আগেও তিনি একই কায়দায় ওই এলাকায় এসেছিলেন। পূর্বে একবার তাকে আটক করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল। এবারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।