রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরের রামগঞ্জে অবস্থিত সদর দফতরে আনসার ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় ব্যাটালিয়ন সদর দফতরে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের রেঞ্জ পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) ব্যাটালিয়ন সদর দফতরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পরিবেশ সুরক্ষায় সদর দফতর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন অধিনায়ক ও পরিচালক মো. জিয়াউর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-অধিনায়ক ও উপ-পরিচালক মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টবৃন্দ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহনেওয়াজ।
সকাল ১০টায় ব্যাটালিয়ন সদস্যদের উদ্দেশ্যে বিশেষ দরবার পরিচালনা করেন রেঞ্জ পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি বাহিনীর শৃঙ্খলা বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। দরবার শেষে বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অংশগ্রহণে এক আবেগঘন স্মৃতিচারণ সভা এবং সুবর্ণজয়ন্তীর প্রীতি কেক কাটা হয়।
বিকেলে ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই সুবর্ণজয়ন্তীর কর্মসূচির সমাপ্তি ঘটে।