জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার নোয়াপুর সীমান্তসংলগ্ন মধ্য কামাল্লা এলাকায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটককৃত নারীরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী গ্রামের মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নোয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস এলাকার নিকট ওই দুই নারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। তারা সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় স্থানীয় ভিডিপি সদস্যরা তাদের আটক করে নোয়াপুর বিওপির বিজিবি টহল দলের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি তাদের ফুলগাজী থানা পুলিশের হাতে তুলে দেয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটককৃত দুই নারী অতীতেও ভারতে বসবাস করতেন। সম্প্রতি তারা বাংলাদেশে এসে পুনরায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
ওসি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও সীমান্ত নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।