নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে প্রশাসনের সিলগালা করা একটি গুদাম থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৮৮ টন নিষিদ্ধ কীটনাশক রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। গত ২৫ জুন এসিআই কোম্পানির ‘বিফার ৫ জি’ নামক এসব কীটনাশক জব্দ করে গুদামটি তালাবদ্ধ করা হয়েছিল। কিন্তু ২৯ জুলাই আদালতের নির্দেশে তা ধ্বংস করতে গিয়ে দেখা যায়, গুদামের ভেতরে মাত্র ১২৩টি খালি প্যাকেট পড়ে আছে এবং বাকি সব পণ্য গায়েব হয়ে গেছে।
এই চাঞ্চল্যকর ঘটনার পর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় নড়েচড়ে বসেছে এবং উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এরই ধারাবাহিকতায় বিসিকের তিন সদস্যের একটি দল দীর্ঘ সময় ধরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। বিসিক পরিচালক আরিফুল হক জানিয়েছেন, সংগৃহীত তথ্য পর্যালোচনার কাজ চলছে এবং খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে বিষয়টি অভ্যন্তরীণ তদন্তাধীন থাকায় আপাতত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।