রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িত যুবলীগের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রামগঞ্জ পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান রাশেদ এবং উপজেলা যুবলীগের সদস্য মোরশেদুল আমিন বাবু। শনিবার গভীর রাতে রামগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের নামে ওই দুই নেতা বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীদের একত্রিত করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ ও নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ তাদের আইনের আওতায় আনে।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত উভয়ের বিরুদ্ধেই সন্ত্রাস ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।