আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের মিছিলকে কেন্দ্র করে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রাঁচির পুলিশ সুপার পরশ রানা জানান, নিষেধাজ্ঞামূলক আদেশ অমান্য, সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি আরো বলেন, ১০ আগস্ট বিধানসভা অভিমুখে শান্তিপূর্ণ মিছিল ব্যাহত করার অভিযোগে বিধানসভা থানায় ৩০০ অজ্ঞাত দুষ্কৃতকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।’
এ বিষয়ে হাটিয়া মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) নীরজ কুমার জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত সোমবার ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে বিধানসভা অভিমুখে মিছিলের সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ছাত্র বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করে।
যদিও ওই দিন বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের কারণে নিজেদের কর্মজীবন অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ করে ছাত্ররা বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন।