রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান ও লক্ষ্মীপুরের রামগঞ্জের কৃতি সন্তান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের তরফ থেকে আগামী তিন বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, যোগদানের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের কনস্টিটুয়েন্সির জন্য তাঁকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এই আন্তর্জাতিক অর্জনের খবর রামগঞ্জে পৌঁছানোর পর পরই তাঁর গ্রামের বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যায়। এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়ে মিষ্টি বিতরণ করেন।
রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এই সফলতায় আব্দুর রহমান খানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এই গৌরবোজ্জ্বল পদায়ন পুরো লক্ষ্মীপুরবাসীকে আবারও সম্মানিত ও গর্বিত করেছে।
নতুন এই দায়িত্ব সম্পর্কে আব্দুর রহমান খান জানান, দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।