জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
বান্দরবানের রুমা-বগালেক সড়কে একটি বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক নারীসহ দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে রুমার বগালেক সড়কের ‘পেঁপে বাগান’ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভোলার চরফ্যাশন উপজেলার বোরহানউদ্দিন এলাকার বাসিন্দা মো. জামির উদ্দিন (৩০) এবং ঢাকার গাজীপুরের রূপাইয়া আক্তার রূপা (৩১)। তবে তারা সম্পর্কে স্বামী-স্ত্রী কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পর্যটকরা কোনো ধরনের নিবন্ধিত গাইড বা স্থানীয় নির্দেশক ছাড়াই রাতের আঁধারে দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করছিলেন। পথিমধ্যে পেঁপে বাগান এলাকার একটি বিপজ্জনক বাঁকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাইকসহ তারা দুজন গভীর খাদে পড়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে রুমা থানা পুলিশ ও স্থানীয় ট্যুরিস্ট গাইডরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান চালান। পরে খাদ থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, নিবন্ধিত গাইড ছাড়াই রাতের পাহাড়ি সড়কে যাতায়াত করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।