মোঃ ওমর ফারুক, বান্দরবান জেলা প্রতিনিধি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বান্দরবানে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (৫ আগস্ট) প্রত্যুষে (সকাল ৬টা ১ মিনিটে) বান্দরবান সদরস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের নেতৃত্বে এ সময় পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শহিদদের স্মরণে সেখানে কিছু সময় নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী লেলিন চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহিদদের দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।