কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশীয় কৃষিপণ্য রপ্তানির মান বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা প্রত্যাশা করছে সরকার। যুক্তরাষ্ট্রের ইউএসডিএ (USDA) সনদপ্রাপ্ত অর্গানিক খাদ্য বিশ্ববাজারে রপ্তানির লক্ষ্য নিয়ে দেশে একটি আধুনিক অর্গানিক ফার্ম স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। মঙ্গলবার ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উর্বর ভূমি ও আবহাওয়া কৃষিখাতের উন্নয়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সয়াবিনসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি করে আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে চরাঞ্চল ও দ্বীপগুলোতে সয়াবিন চাষের সম্প্রসারণ এবং প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি ও পুষ্টি নিশ্চিতকরণে মার্কিন প্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন তিনি। সভায় নিরাপদ খাদ্য উৎপাদনে কীটনাশকের সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে রপ্তানি বাজারে নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা নিয়েও উভয়পক্ষ আলোচনা করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।