ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, আবাসিক হলগুলোতে সিট বণ্টনে স্বচ্ছতা, নিয়মের যথাযথ প্রয়োগ, শিক্ষার্থীদের আবাসিক অধিকারের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ আলীর স্বাক্ষরিত এ স্মারকলিপিটি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, হলের সিট বণ্টনে অনিয়ম, বৈষম্য, প্রভাব বিস্তার বা নিয়মবহির্ভূত অবস্থান সাধারণ শিক্ষার্থীদের আবাসিক অধিকার ও শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি শহীদ জিয়াউর রহমান হলে একজন রাজনৈতিক কর্মীর বৈধ সিট না থাকা সত্ত্বেও দীর্ঘদিন অবস্থান করার বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে। কোনো রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক পদ, দলীয় সুপারিশ বা ব্যক্তিগত প্রভাব যেন শিক্ষার্থীর বৈধ অধিকার ক্ষুণ্ন না করে এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত হয়, সে দাবি জানানো হয়।
তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে— আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে অপসারণ, রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ বা প্রশাসনিক প্রভাবের ভিত্তিতে সিট বরাদ্দ বন্ধ করা, সিট বণ্টনে সুস্পষ্ট, স্থায়ী ও লিখিত নীতিমালা প্রণয়ন এবং ফলাফল, জ্যেষ্ঠতা ও যৌক্তিক মানদণ্ড নির্ধারণ করা, প্রতিটি হলের সিট বণ্টনের তালিকা প্রকাশ করে অনিয়ম, অনৈতিক প্রভাব ও সিট বাণিজ্য বন্ধ করা, প্রতি ৬ মাস পর পর হলগুলোর সিট অ্যালটমেন্ট নিশ্চিত করা, হলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি রাজনৈতিক অপচর্চামুক্ত পরিবেশ রাখা, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করে আবাসিক হলসহ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তায় নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং হলের ডাইনিংগুলোতে সুষম, মানসম্মত খাদ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।