মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর উপজেলা শাখার বহুল প্রতীক্ষিত আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নতুন কমিটিতে মাহামুদুল হাসান সুমনকে সভাপতি এবং মো.নাঈম তানজিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদল এ কমিটির অনুমোদন দেয়।দীর্ঘদিন পর উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান ও সাধারণ সম্পাদক মো.মমিনুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে অধীনস্থ ইউনিটগুলোর কমিটি কার্যকর করা হয়।
জানা গেছে,সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের অধীন সৈয়দপুর সদর উপজেলা ছাত্রদল,কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদল এবং সৈয়দপুর পৌর ছাত্রদলের আংশিক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।এসব কমিটিতে সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন,নতুন কমিটির নেতৃত্বে সৈয়দপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান,দলের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।নতুন নেতৃত্বের মাধ্যমে সৈয়দপুরে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।