ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে সেচ মোটর, চুরির বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি চায়নিজ কুড়ালসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (রাত ৯টার দিকে) উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—গুরুদাসপুর উপজেলার পাটপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রানা আহমেদ, বিন্যাবাড়ী বাজার এলাকার জরিপ উদ্দিনের ছেলে জসিম এবং নারিনাড়ী ভাঙা মসজিদ এলাকার মজিদ আলীর ছেলে মিজান আলী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থেকে পিকআপযোগে গুরুদাসপুরে আসার পথে কাছিকাটা টোলপ্লাজায় তল্লাশি চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সেচ মোটর, মোটর চুরির নানা যন্ত্রাংশ ও একটি দেশীয় অস্ত্র হিসেবে ব্যবহৃত চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে ঘটে যাওয়া বেশ কিছু সেচ মোটর চুরির ঘটনার সঙ্গে আটক যুবকরা জড়িত থাকতে পারে। পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত আরও বড় কোনো চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তারা।