জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। এ সময় মুদ্রা পাচারের অভিযোগে মোহাম্মদ আবু বক্কর নামে এক যাত্রীকে আটক করা হয়। আটক আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
বুধবার (১৮ জুন) রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান চালানো হয়। বিমানবন্দর কাস্টমসের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দুবাইগামী ‘বিজি-১৪৭’ ফ্লাইটের যাত্রী আবু বক্করের আচরণ সন্দেহজনক হওয়ায় তার হ্যান্ড লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ব্যাগ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ সংযুক্ত আরব আমিরাত দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বৈধ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তাকে বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চোরাচালান, রাজস্ব ফাঁকি এবং অবৈধ মুদ্রা পাচার রোধে কাস্টমস ও সব গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি ও এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।