জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচরে চুরির ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার রাবার বাগান এলাকার একটি পুকুর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এই গোলকাঠগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও সফল তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচর উপজেলার রাবার বাগান এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সেগুন গোলকাঠ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র কাঠগুলো রামহরিপাড়া ও তক্ষশীলা এলাকার সড়ক পথ ব্যবহার করে অন্যত্র সরিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল কৃষ্ণমাছড়া এলাকার একটি পুকুরে অভিযান চালায়। সেখানে পানির নিচে লুকিয়ে রাখা অবস্থায় কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হন সেনা সদস্যরা।
পরবর্তীতে কাঠের প্রকৃত মালিক মো. সোহেল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠসমূহ নিজের বলে শনাক্ত করেন। উদ্ধারকৃত এই মূল্যবান সম্পদ নিরাপদে মালিকের নিকট হস্তান্তরের জন্য নানিয়ারচর জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এদিকে, চুরির পরপরই সেনাবাহিনীর এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার হওয়ায় স্থানীয় জনমনে ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী সমাজ জননিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর এই আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।
এ বিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মশিউর রহমান জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।