জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সিরাজগঞ্জে আলোচনা সভা ও শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাবেক সমন্বয়কবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিহাবের জননী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
এছাড়া বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র মুখ্য সংগঠক নিয়ামুল বাশির নিহাল, ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসান, সাবেক সমন্বয়ক ইয়াছির আরাফাত ইসান, সেজান সরদার ও রাজিতা।
অনুষ্ঠানে সজিব সরকার, টি. এম. মসফিক সাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কবি তাহমিনা কলি ও আছির ইনতেছার অয়ন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।




























