বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, এসপির উদ্যোগে সমঝোতা বৈঠক আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২ Time View
3

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। একইসঙ্গে এ ঘটনায় সৃষ্ট উত্তেজনা নিরসনে পুলিশ সুপারের মধ্যস্থতায় আজ বিকেলে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পুলিশ সুপারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই সমঝোতা বৈঠকে বসতে সম্মত হয়।

এদিকে, এমপির বাড়িতে হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এবং প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও তার অভিভাবককে মারধরের অভিযোগ ওঠে এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা ও অভিভাবকরা এমপির বাড়ি ঘেরাও করে ভাঙচুর চালান এবং বেশ কয়েক ঘণ্টা এমপি ও তার স্বজনদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com