২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে আলোচিত পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক ও বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর সূত্রে জানা যায়, বরিশাল অফিসার্স মেস থেকে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে হেফাজতে নিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসে সেনা হেফাজতে আছেন এবং প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। এর আগে তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখডিসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর, সংশ্লিষ্ট এই পদক্ষেপ নেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে একরামুল হককে যখন গুলি করে হত্যা করা হয়, তখন ঘটনাস্থলে মিফতাহ উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ভিসা নিষেধাজ্ঞার তালিকায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী নির্ধারিত তারিখে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।