ইরান সতর্ক করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী জব্দ করা ইরানি তহবিল থেকে যদি কোনো দেশ বা কোম্পানি অর্থ গ্রহণ করে, তারা হরমুজ প্রণালির কাজকর্মে অংশগ্রহণের অনুমতি পাবে না। এই হুঁশিয়ারি মঙ্গলবার (২৮ জুলাই) ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের তদারকির এজেন্সি খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স তার এক বিবৃতিতে দিয়েছে।
ট্রাম্প গত ২৩ জুলাই বলেছেন, হরমুজে ক্ষতিগ্রস্ত জাহাজ ও কার্গোর ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রে থাকা জব্দকৃত ইরানি তহবিল ব্যবহার করা হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এমন ক্ষতিপূরণ খুব বড় অংকের হতে পারে এবং এটিই ন্যায়সঙ্গত ও সঠিক পদক্ষেপ।
তেহরান এই পদক্ষেপকে সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে, ট্রাম্পের পরিকল্পনাকে মেনে বেআইনিভাবে জব্দ করা তহবিল গ্রহণ করলে সংশ্লিষ্ট সব দেশ ও প্রতিষ্ঠানই হরমুজ পরিচালনায় নিষিদ্ধের সম্মুখীন হবে।