নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৪ জুলাই) মানিকগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, পিপিএম এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, তদন্ত কার্যক্রমে দক্ষতা এবং জনসেবামূলক কাজে প্রশংসনীয় অবদান রাখায় এসআই মোহাম্মদ মোজাম্মেল হককে চলতি মাসের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোঃ মোশারফ হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, এসআই মোজাম্মেল হকের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো সাটুরিয়া থানা পুলিশের জন্য গর্বের। তাঁর সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়িত্বশীল মনোভাবই তাঁকে এই স্বীকৃতি এনে দিয়েছে। এই সম্মাননা থানার অন্য সদস্যদেরও আরও আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
পুরস্কার গ্রহণের পর এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এই স্বীকৃতি তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতেও সাটুরিয়া থানার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি তাঁর কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম বলেন, ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও পেশাদারিত্ব আরও বাড়িয়ে তোলে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনকারী সদস্যদের এ ধরনের সম্মাননা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।