ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোর জেলা পুলিশ লাইন্স মাঠে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে মাস্টার প্যারেড ও ড্রিল শেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ খริস্টাব্দে সকাল সাড়ে আটটায় জেলা পুলিশের সব ইউনিটের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। প্যারেড পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার ওপর গুরুত্বারোপ করে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানান পুলিশ সুপার। পাশাপাশি জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী। প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, অস্ত্রাগার, পুলিশ হাসপাতাল এবং সি ও ডি স্টোরসহ পুলিশ লাইন্সের বিভিন্ন কার্যালয় ও শাখাগুলো ঘুরে দেখেন।
পরবর্তীতে সকাল দশটায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে একটি কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত সকল অফিসার ও ফোর্সের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যার কথা মনযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। অন্যান্য সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
এছাড়াও, ক্লুলেস দস্যুতা ও চুরি মামলার রহস্য উদ্ঘাটন, ভেজাল ওষুধ উদ্ধার, অপরাধী গ্রেতারসহ বিভিন্ন প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন নাটোর জেলার পুলিশ সুপার।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), নাটোর জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, টিআইসহ নাটোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।