ইমাম হাছাইন পিন্টু নাটোর / মেহেরুল ইসলাম মোহন, সহকারী সম্পাদক:
নাটোরের বড়াইগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকের পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. মিজানুর রহমান (৩৮)।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মো. রেজাউল করিম ওরফে মিন্টু (৪৫), মো. মঞ্জুরুল হক সুজন (৩৫) এবং মো. রেজাউল করিম (৩৫)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যায় বড়াইগ্রামের খাকসা গ্রামের ভূগোল মোড়ে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অভিযুক্তরা দুটি মোটরসাইকেলে এসে মিজানুর রহমানকে পাশের একটি নিরিবিলি স্থানে ডেকে নেন।
সেখানে রেজাউল করিম নিজেকে ‘ক্রাইম ব্রাঞ্চ’ এবং অন্যরা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরপর তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ তুলে তল্লাশি করা হয় এবং ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাকে পুলিশে সোপর্দ করে মাদক মামলায় ফাঁসানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে মানহানি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মিজানুর রহমান জানান, অভিযুক্তদের মধ্যে রেজাউল করিম মিন্টুর বিরুদ্ধে এর আগেও নাটোর সদর থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় ও অপতৎপরতা নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।