জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে (১৪) জোরপূর্বক ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম (৩৫) পলাতক রয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রীর পিতা মোঃ বাবলু বাদী হয়ে কুমারপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে মোঃ ইব্রাহিম (৩৫) কে এরকম আসামি করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। অভিযুক্ত আসামি মোঃ ইব্রাহিম (৩৫) বিবাহিত এবং দুই সন্তানের জনক।এরপরও দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছাত্রীকে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে বিভিন্ন সময়ে ফোন করে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল।লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি প্রথমে তার পরিবারকে জানায়নি। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪ ঘটিকায় ওই ছাত্রী ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, বাড়িতে কেউ না থাকার সুযোগে ইব্রাহিম তাকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে ঘরের ভেতর নিয়ে যায়। পরে ভুক্তভোগীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে ভুক্তভোগী মেয়েটিকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মেয়েটির ফুফুসহ কতিপয় লোকজন ইব্রাহিমের ঘরে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইব্রাহিম কৌশলে ঘর থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।