জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে চুনতি এলাকায় চট্টগ্রাম অভিমুখী ‘পূরবী’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী ‘ইম্পেরিয়াল’ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পূরবী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে বাসে থাকা কলেজ শিক্ষার্থী সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। পরে স্থানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। সড়ক চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।