এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।।
জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে রুহুল আমিন ও মজিবুর রহমান নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
সোমবার (২৫ মে) রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান মারা যান। এর আগে রবিবার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে একটি মহিষের আক্রমণে রুহুল আমিন নামের আরেকজন মারা যান। এ নিয়ে মহিষের আক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।
নিহত মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং রুহুল আমিন রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গত রবিবার (২৪ মে) স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে একাধিক মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে আসার পর তার একটি মহিষ হঠাৎ বিগড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি পাগলের ন্যায় হাটের মধ্যে ছোটাছুটি করে এবং হাটের মানুষদের আক্রমণ করে। মহিষের আক্রমন থেকে রক্ষা পেতে হাটের মানুষ ছোটাছুটি শুরু করেন। সে সময় হাটে আসা রাজিবপুরের জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহল আমীনসহ অন্তত ছয়জনকে মারাত্বক ভাবে আক্রমণ করে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমীনকে চিকিৎসার জন্য নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মজিবুর রহমানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন- হঠাৎ মহিষের আক্রমণে আহত মুজিবুর রহমান মারা গেছেন। এ নিয়ে মহিষের আক্রমণে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটলো। এছাড়া এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, এটা নিতান্তই দুর্ঘটনা। তবে অভিযোগ পেলে আইনগত বিষয় খতিয়ে দেখা হবে।