নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহদাত হোসেন শাহ্ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান ও বিআরডিবির চেয়ারম্যান হাজী হাফেজ মোঃ দ্বীন ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, দারিদ্র্য বিমোচন ও টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
আলোচনা সভা শেষে সমিতির ম্যানেজারদের কমিশন বাবদ পাঁচজনের মাঝে চেক বিতরণ করা হয়। একই সঙ্গে সমিতির ৪০ জন গ্রাহকের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।