দাম্মাম থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট মাঝ আকাশে নিরাপত্তা সংকটের মুখে পড়ে। উড়োজাহাজটির একটি শৌচাগারে টিস্যু পেপারের ওপর ‘বোম’ লেখা একটি চিরকুট পাওয়ার পর পুরো বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেবিন ক্রু পাইলটকে অবহিত করলে জরুরি ভিত্তিতে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়।
বিমানটি অবতরণের পরপরই সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় এবং বোম ডিসপোজাল ইউনিটসহ নিরাপত্তা বাহিনী পুরো বিমানটি ঘিরে ফেলে। ৩২ জন যাত্রীকেই নিরাপদে বের করে এনে টার্মিনালে স্থানান্তর করা হয়। এরপর দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তুর অস্তিত্ব পাওয়া যায়নি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সবাই সুস্থ আছেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পর বিমানটিকে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এমন হুমকি দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।