রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ‘ঐক্যের’ ডাক ইরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
13

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীলতা এবং ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও উন্নত সামরিক শক্তির মোকাবিলা করার সামর্থ্য প্রমাণ করেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি এই মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের প্রস্তুতি, সক্ষমতা এবং শক্তি প্রদর্শন করেছে।’

আব্বাস আরাঘচি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘যখন মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন আমরা বাইরের যেকোনো অশুভ শক্তির দেওয়া চ্যালেঞ্জ সরাসরি মোকাবিলা করতে সক্ষম হই।’ এই অঞ্চলের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর নিজেদের শক্তির ওপর ভরসা করার সময় এসেছে বলে তিনি জোর দেন।

ইরানের শীর্ষ এই কূটনীতিক তার বার্তার সমাপ্তিতে বলেন, ‘এখন সময় এসেছে কেবল নিজেদের ওপর আস্থা রাখার এবং সত্যিকারের ভ্রাতৃত্বকে আলিঙ্গন করার।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার পাল্টা জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় তেহরান। আরাঘচির এই মন্তব্যকে মূলত ওই সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক দেশগুলোর প্রতি ইরানের একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় পশ্চিমা দেশগুলোর সক্রিয় উপস্থিতির বিরোধিতা করে আসছে ইরান। আরাঘচির এই সাম্প্রতিক আহ্বান মূলত সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির (মক্কা চুক্তি) মতো ঘটনার পরপরই এলো, যেখানে তিনি পরোক্ষভাবে বিদেশি প্রভাবমুক্ত একটি আঞ্চলিক জোটের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com