বান্দরবান, থানচি — থানচি উপজেলার সাঙ্গু নদীতে গত ২৪ জুলাই বিকেলে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি: দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর রবিবার ২৬ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে তিন্দু—বড়পাথর এলাকায় তেন্ডুমুখ বিওপির (বিজিবি) ক্যাম্প সংলগ্ন নদীর ঘাট থেকে তার দেহ পাওয়া যায়।
নিহত জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা; তিনি ফজলুল হেলাল উদ্দীন ও দেলোয়ারা আক্তার দম্পতির ছেলে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে থানচির পর্যটন এলাকা বড়পাথরে যাত্রী বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা উল্টে গেলে মাহিয়ান সাঙ্গু নদীর প্রবল স্রোতে ডুবে যান। খবর পেয়ে ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা বিশেষ ৩ সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট আটজনর একটি রেসকিউ টিম দিনভর উদ্ধার অভিযান চালায়। নদীর দুর্গমতা ও প্রবল স্রোতের কারণে প্রথম দিন কোনো সন্ধান মেলেনি।
রবিবার সকালে স্থানীয়রা তেন্ডুমুখ বিওপির ক্যাম্পের কাছের নদীর ঘাটে একটি লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে বিওপি ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে মরদেহ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে; আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন থানচি উপজেলা সদর থেকে তিন্দু নদীপথে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ধরনের নৌযান ও পর্যটকবাহী নৌকার চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে।
এই ঘটনায় স্থানীয়রা সতর্ক থাকার পাশাপাশি নদীর প্রবল স্রোত ও পর্যটনকেন্দ্রে নৌযান চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বনের আহ্বান জানাচ্ছেন।
রিপোর্ট: জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি।
ছবি: সংগৃহীত