নিউজ ডেস্ক:
এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারা দেশে বহিষ্কার হয়েছেন ৫০ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডেই ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া মাদরাসায় ২ জন ও কারিগরি বোর্ডে ৩ জন বহিষ্কার হয়েছেন। এদিন এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৫১ শতাংশ। সোমবার (৬ জুলাই) পরীক্ষা শেষে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, সোমবার ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৯৭ হাজার ২১ জন।
১ হাজার ৬২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৩৪ জন পরীক্ষার্থী।
এদিন ঢাকা শিক্ষা বোর্ডের ১০ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ৩ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ৪ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৩ জন, দিনাজপুর বোর্ডের ৭ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ৮ জন, ময়মনসিংহ বোর্ডের ৭ জন ও যশোর শিক্ষা বোর্ডের ৩ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৫ হাজার ৮৪১, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ১১২, রাজশাহী বোর্ডে ৩ হাজার ৫২২, বরিশাল বোর্ডে ১ হাজার ৬২৯, সিলেট বোর্ডের ১ হাজার ৪৬৪, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৮৫২, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৩৬, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৭০৬ ও যশোর বোর্ডে ৩ হাজার ৫৭২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে তৃতীয় দিনে আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৫২ জন। সারা দেশের ৪৬০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৮৩ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।
তবে অংশ নেন ৭৮ হাজার ১৮১ জন পরীক্ষাথী। অনুপস্থিতির হার ৬ দশমিক ১৮ শতাংশ।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন-২ ও ক্যারিয়ার গাইডেন্স আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসদুপায় অবলম্বন করায় ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৪৩ জন। সারা দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৮৩ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৮৩৩ জন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৫১ শতাংশ।