সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার গুদামজাত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও ৪৭ বস্তা সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উজান বোচাগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান।
অভিযানকালে স্থানীয় বাসিন্দা শামছুল হকের ছেলে সুজন মিয়ার বাড়িতে অবৈধভাবে মজুতকৃত ৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। সারের বৈধ কোনো কাগজপত্র ও মজুতের লাইসেন্স দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন আরও জানায়, জব্দকৃত সারগুলো পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের নিকট বিক্রি করা হয়েছে এবং বিক্রির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কৃষকদের মাঝে সারের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত বা অতিরিক্ত মূল্যে বিক্রিরোধে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।